২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে একটি মোজা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:52 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার ভোর রাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- আরাফাত রনি (২২) ও ইফতেখার আহমদ (৩৫)।

বায়েজিদ থানার এসআই পান্না লাল বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় আগুন লাগার সময় ওআ দুই শ্রমিক ভেতরেই ছিলেন।

“ভোর সাড়ে ৪টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

দমকল বাহিনীর বায়েজিদ স্টেশনের কর্মকর্তা মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে অক্সিজেনের শীতল ঝর্ণা এলাকায় সিদ্দিকুর রহমান ও মোর্শেদ আলমের মালিকানাধীন পাশাপাশি দুটি মোজা কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

ভোর সাড়ে ৫টার সময় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানা দুটির প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে পৃথক অগ্নিকাণ্ডে নগরীর চকবাজার থানার লাল চাঁদ সড়কের একটি পোশাক কারখানার পুড়েছে।

দমকল বাহিনীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর বিশ্বান্তর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছয় তলা ভবনের দ্বিতীয় তলার ফ্যাশন পার্ক ইন্টারন্যাশনাল নামের কারখানাটিতে আগুন লাগে।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে; এতে কেউ হতাহত হয়নি।