২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন দুই রাষ্ট্রদূত

বাংলাদেশে নিয়োজিত সুদানের নতুন রাষ্ট্রদূত হাসান ই এই তালিব এবং স্লোভেনিয়ার রাষ্ট্রদূত দারজা বাভডেজ কুরেত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:22 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে পৃথকভাবে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

নতুন দুই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।

সুদানের রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতি বলেন, “সুদান বাংলাদেশের কৃষি খাতের দক্ষ জনবল নিয়োগ দিতে পারে।”

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত দারজা বাভডেজ কুরেতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ স্লোভেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও প্রসারে আগ্রহী।”

স্লোভেনিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেন।