২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৫

বন্দরনগরীতে ছিনতাইকারী সন্দেহে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:50 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

নগরীর সিআরবি কাঠের বাংলো এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান।

গ্রেপ্তাররা হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য  মোসলেহ উদ্দিন (৩২), মোস্তফা (৩০), নিজাম (২৯), আজিজুল হক (৩৪) ও শহীদুল ইসলাম (৩২)।

পরিদর্শক নেজাম বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি প্রাইভেট কারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

নেজাম বলেন, কয়েকবছর আগে মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে মোসলেহ উদ্দিন চাকুরিচ্যুত হন। তার বিরুদ্ধে চট্টগ্রাম থেকে ঢাকায় বিভিন্ন সময়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া লাকসামে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে এক যুবককে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।