২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের দু’দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:45 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১তম সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার।

‘সন্ত্রাস, মৌলবাদ, বাণিজ্য থেকে মুক্ত হোক শিক্ষার অধিকার’ শ্লোগান সামনে রেখে হচ্ছে এবারের সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়ার চক্রান্ত চলছে।

“বাণিজ্যের চোরাবালিতে শিক্ষার্থী ও অভিভাবকরা আটকে গেছেন। খাদ্য আর চিকিৎসা সেবা বাদে অভিভাবকরা জীবনের সব আয় ঢেলে দিচ্ছেন সন্তানের শিক্ষার পেছনে।”

আকাশ বলেন, শিক্ষায় ব্যবসার মহোৎসব চলছে। তাই যারা অর্থ ব্যয় করতে পারছে তারা পাচ্ছে উঁচু জাতের শিক্ষা। আর যারা পারছে না তারা ঝড়ে পড়ছে অথবা নিম্ন মানের শিক্ষা পাচ্ছে।

“শিক্ষাকে ধ্বংস করার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। শিক্ষাকে বাণিজ্যিকীকরণ ও নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের প্রগতিশীল ছাত্র সংগঠনের সঙ্গে থেকে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।”

ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক ও জেলা সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিলে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

সম্মেলন উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।