যুদ্ধাপরাধীদের রায় প্রকাশে দীর্ঘসূত্রতা কেন: ইমরান
যুদ্ধপরাধীদের বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলা হয়েছে বলে অভিযোগ করে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বৃহস্পাতিবার বিকালে শাহবাগে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল নিষ্পত্তি ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় দ্রুত দেয়ার দাবিতে সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
ইমরান বলেন, “শুরুতে যুদ্ধপরাধের বিচারের তালবাহানার কারণে আমাদের রাজপথে আসতে হয়েছিল। এখনো বিচারকে সেই দীর্ঘসূত্রিতায় ফেলা হয়েছে। বিচার নিষ্পত্তি হয়েছে, অথচ রায় প্রকাশ করা হচ্ছে না। কেন এই দীর্ঘসূত্রতা?”
গণজাগরণ মঞ্চের প্রয়োজনীয়তা ফুরিয়েছে বলে যারা মনে করেন তাদের কাছে জঙ্গিবাদীরা প্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
“কিন্তু আপনারা ভুলে যাবেন না, সময়মতো তারাই আপনাদের ছোবল দেবে।”
তাদের উদ্দেশ্যে ইমরান বলেন, “গণজাগরণ মঞ্চ কারো প্রয়োজনে তৈরি হয়নি। কোনো সরকারেরে এজেন্ডা বাস্তবায়ন করতেও তৈরি হয়নি। জনগণের এজেন্ডা নিয়ে তৈরি হয়েছে, যা বাস্তবায়িত না হলে গণজাগরণ মঞ্চ ঘরে ফিরে যাবে না।
“আমরা যুদ্ধপরাধের বিচারের দাবিতে গত ১৫ মাস ধরে হামলা-মামলা সহ্য করে রাজপথে আছি। এ দাবি আদায়ে ভবিষ্যতে আমাদের রক্ত দিতে হলেও প্রস্তুত রয়েছি।তবু আমরা ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।”
সমাবেশের বক্তব্যে মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, “গণজাগরণ মঞ্চ এখনো একটাই আছে। যারা বিভক্তির কথা বলছে, তারা হয়তো নিজেদের কোনো স্বার্থ উদ্দেশ্য ও গুজব রটানোর জন্য চেষ্টা করছে।”
“কিন্তু, এখানকার উপস্থিতি স্পষ্ট প্রমাণ করছে, এখানে তারাই আছে যারা গণজাগরণ মঞ্চে শুরু থেকেই ছিল। সুতরাং গণজাগরণ মঞ্চ একটাই।”
এদিকে দাবিতে শাহবাগেই আলাদা সমাবেশ করেছে কামাল পাশা চৌধুরী নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ।
সমাবেশে ইমরানের নেতৃত্বে পাশের সমাবেশকে উদ্দেশ্য করে কামাল পাশা বলেন, “আমরাও যুদ্ধপরাধীদের বিচার চাই, যে বিচার এই আওয়ামী লীগ সরকারই করতে পারে।”
পূর্বঘোষণা অনুযায়ী বিকাল ৫টার দিকে জাতীয় জাদুঘরের মূল ফটকের ডান পাশে সমাবেশ শুরু করে ইমরানের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে জাদুঘরের বামপাশের জমায়েত থেকে সঙ্গীত পরিবেশনা শুরু হয়।
