২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে মুখোমুখি সমাবেশ

দাবি এক হলেও একই স্থানে আলাদা সমাবেশ করছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল নিষ্পত্তি ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় দ্রুত দেয়ার দাবিতে বৃহস্পতিবার বিকাল থেকে শাহবাগে মুখোমুখী অবস্থান নিয়েছে মঞ্চের দুটি পক্ষ।

বিকাল ৫টার দিকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের নেতাকর্মীরা জাতীয় জাদুঘরের মূল ফটকের ডান পাশে সমাবেশ শুরু করে।

এর আগেই বিকাল সাড়ে ৪টার দিকে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে মঞ্চের অপর অংশটি জাদুঘরের বামপাশে জড়ো হয়ে সঙ্গীত পরিবেশনা শুরু করে।

তবে দুপক্ষই তাদের মাইক পরস্পরের দিকে ঘুরিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনিয়ে দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশ ডাকেন ইমরান এইচ সরকার।

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের এক বছরের মাথায় গণজাগরণ মঞ্চে ‘কোন্দল’ সৃষ্টির প্রেক্ষাপটে এই সমাবেশ ডাকা হয়েছে।

গণজাগরণ মঞ্চের আন্দোলনে থাকা একটি অংশ গত মাসে ইমরানকে বহিষ্কার করেন। তার আগে শাহবাগে এক দফা মারামারির পর পাল্টপাল্টি মামলাও হয়।

ইমরানবিরোধীদের অভিযোগ, তিনি কারো মতামতের তোয়াক্কা না করে কাজ করছেন।

অন্যদিকে শুরু থেকে মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা ইমরানের অভিযোগ, শুরুতে সমর্থন দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন মঞ্চের আন্দোলন বন্ধ করে দিতে চাইছে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে মঞ্চের যৌথসভা ডেকেছেন ইমরান, যেখানে গণজাগরণ মঞ্চের দীর্ঘ ১৫ মাসের আন্দোলনে সম্পৃক্ত সব সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, নারী, শিশু-কিশোর, স্বেচ্ছাসেবী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন উপস্থিত থাকবে।