২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাটল ট্রেনে ঢিল, চালকসহ ৩ জন আহত

ছাত্রলীগের ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিনে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 06:51 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পাথরের আঘাতে আহত হয়েছেন ট্রেনের চালক ও দুই পুলিশ সদস্য।

জিআরপি থানার ওসি ইয়াসীন ফারুক জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে দ্বিতীয় শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে নগরীর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাথরে আঘাতে ইঞ্জিন কক্ষের কাঁচ ভেঙ্গে যায়। এতে আহত হন চালক আনোয়ার হোসেন এবং কনস্টেবল আরিফ খান ও মুশফিকুর রহমান।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।   

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে।

ওসি ইয়াসিন জানান, এর আগে সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা নগরীর ষোলশহর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের আরেকটি শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয়।

দুটি ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে অবরোধের কারণে নগরী থেকে বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষক ও কর্মচারীদের বহনকারী কোনো বাস ছেড়ে যায়নি। ক্যাম্পাস থেকেও কোন বাস ছেড়ে যায়নি।

প্রক্টর সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে বিভিন্ন বিভাগের তালা খোলা সম্ভব না হওয়া ক্লাশ-পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

অবরোধের প্রথমদিন বুধবার সকালে শাটল ট্রেনের এক চালক অপহৃত হন, যাকে অপহরণকারীরা কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়।

গত ৫  এপ্রিল প্রয়াত উপাচার্য আবু ইউসুফের স্মরণ সভায় যোগ দিতে এসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন আওয়ামী লীগ নেতা নাছির হায়দার করিম।

এর জেরে ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঁচজনকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় প্রক্টরের পদত্যাগের দাবিতে এই অবরোধ ডাকা হয়।

অবরোধকারী অংশের নেতা চবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টর একজন দালাল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

তবে, ট্রেনে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা অমিত।

এ বিষয়ে প্রক্টর বলেন, ছাত্ররা অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে।