কিডনী কেটে শিশু হত্যার পরিকল্পনাকারী রিমান্ডে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু হারুন অপহরণ ও কিডনী কেটে হত্যার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেন চাদকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীন এ আদেশ দেন।
উল্লাপাড়া আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আনিছুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চাদের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ এপ্রিল বিকালে উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রাম থেকে শিশু হারুন নিখোঁজ হয়। ২৬ এপ্রিল সন্ধ্যায় গ্রামের ফইলার বিলের একটি ডোবার কচুরীপানার নিচ থেকে কিডনিবিহীন অবস্থায় হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির চাচা আব্দুল মান্নান তিন জনকে আসামি করে মামলা করেন। ২৭ এপ্রিল রাতে আসামি খলিলকে গ্রেপ্তার করা হয়। ২ মে ভোরে এ ঘটনার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেন চাদকে পুলিশ ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে।
