জয়পুরহাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিয়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ফরিদা বেগম ওই গ্রামের চাল কল ব্যাবসায়ী খন্দকার আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী।
ফরিদার মা মমতা বেগম জানান, তিন বছর আগে আবুল কালাম আজাদের সঙ্গে ফরিদার বিয়ে হয়। এটি আজাদের দ্বিতীয় বিয়ে।
তিনি বলেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময় ফরিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো আজাদ। এর জের ধরে বুধবার রাতেও ফরিদাকে পেটায় আজাদ। এ সময় তার মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়। পরে সকালে মারা যায় ফরিদা।
ঘটনার সত্যতা স্বীকার করে কালাই থানার ওসি রমজান আলী বলেন, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
