বিদায় নিলেন নারায়ণগঞ্জের ৩ ওসি
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুন হওয়ার পর প্রশাসনের আদেশে বিদায় নিলেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের তিন ওসি।
জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তারা তিনজন নতুন কর্মস্থলে চলে গেছেন।
ফতুল্লার মডেল থানার ওসি আক্তার হোসেনকে মুন্সীগঞ্জে বদলি করা হয়েছে, তার জায়গায় এসেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
সিদ্ধিরগঞ্জের ওসি আব্দুল মতিনকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে, তার স্থানে নতুন কেউ এখনো আসেনি।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবর রহমান, পরিদর্শক আব্দুল আউয়ালকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে যোগ দিয়েছেন মাহবুব হোসেন মণ্ডল।
আলোচিত সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন আউয়াল। তার বিরুদ্ধে প্রধান আসামি নূর হোসেনের সখ্য থাকার অভিযোগ নজরুলের পরিবার তোলার পর তার বদলে মাহবুব মণ্ডলকে দায়িত্ব দেয়া হয়।
গত ২৭ এপ্রিল অপহরণের পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকেও প্রত্যাহার করা হয়। তার স্থানে নরসিংদী থেকে এসেছেন খন্দকার মহিদ উদ্দিন।
অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর তিন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে তাদের মূল কর্মস্থল সামরিক বাহিনীতে ফেরত পাঠানো হয়। তাদের ইতোমধ্যে অবসরেও পাঠানো হয়েছে।
