২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২

পুলিশ হত্যাসহ নাশকতার মামলায় গাইবান্ধার দুই উপজেলা থেকে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা ও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার ভোরের দিকে দুজনকে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।   

এরা হলেন- ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুর রহমান সাজু (৪৭) ও পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী জিল্লুর রহমান (২৩)।  

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের ক্যাডাররা উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ হত্যা মামলায় জামায়াত নেতা আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।  

অন্যদিকে, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতার মামলায় বিএনপি কর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী। 

দুই আসামি পলাতক ছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা।