ইসির ওয়েবসাইটে ভোটার নম্বর জানানোর পরিকল্পনা
জাতীয় পরিচয়পত্র ও ভোটার নম্বরসহ নিবন্ধিত প্রতিটি নাগরিকের বেশ কিছু ব্যক্তিগত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
এর মধ্য দিয়ে কমিশনের ওয়েবসাইট থেকে যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য জেনে নেয়ার সুযোগ পাবেন জাতীয় পরিচয়পত্রধারীরা। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক একটি চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারকে এ প্রস্তাব করেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় বিষয়টি পর্যালোচনার জন্য আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারের চিঠিতে বলা হয়, “জনগণের সুবিধার্থে ব্যক্তির নাম, পিতা/স্বামীর নাম, মাতা, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
“বর্তমানে ব্যাংক একাউন্ট খোলা, স্কুল-কলেজে ভর্তির আবেদন, চাকরির আবেদন, ট্রেড লাইসেন্সসহ নানাবিধ কাজে জাতীয় পরিচিতি নম্বর ও কোনো কোনো ক্ষেত্রে ভোটার নম্বর উল্লেখ করতে হয়।”
এছাড়া নির্বাচনের সময় সাধারণত প্রার্থীরা ভোটার স্লিপ দিয়ে থাকলেও অনেক ক্ষেত্রে প্রবল প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তারা অনীহা দেখান, গত সংসদ নির্বাচনে যার নজির রয়েছে।
ভোটার নম্বর জানা না থাকলে ভোট দিতে গিয়ে কেন্দ্রে ঝামেলায় পড়তে হয়। এ কারণে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়েও কেন্দ্র থেকে অনেকের ফিরে আসার ঘটনা ঘটেছে।
ওয়েবসাইটে তথ্য প্রকাশের পরিকল্পনার বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিদ্ধান্ত পেলে সব ধরনের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে তা ওয়েবে প্রকাশের সব ধরনের প্রস্ততি রয়েছে। সব কিছু ইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
জাতীয় তথ্যভাণ্ডারের কোনো তথ্য যাতে হুমকির মুখে না পড়ে এবং তথ্য হ্যাক করার মতো কোনো ঝামেলা যাতে না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিরাপত্তার বিষয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, “ইসির ওয়েবসাইটে লগইন করে আমাদের দেয়া নির্ধারিত পাসওয়ার্ডধারীরাই শুধু নিজ নিজ ভোটার পরিচিতি নম্বর ও ভোটার নম্বরসহ কিছু তথ্য দেখতে পারবেন। কোনোভাবেই নতুন তথ্য সেখানে এডিট করার সুযোগ থাকবে না।”
অনলাইনে ওয়েবসাইটে গিয়ে যারা পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করবেন তাদের পরিচিতি শনাক্ত করার জন্যও নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হবে, যা শুধু ওই ব্যক্তিরই জানা থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, অনলাইনে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জানতে পারলে সহজেই তা সংশোধনের বিষয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করা যাবে। কেউ পরিচয়পত্র হারালেও অনলাইনে পাওয়া তথ্য দিয়ে প্রাথমিক কাজ সেরে নিতে পারবেন।
বর্তমানে দেশের নয় কোটি ২০ লাখেরও বেশি ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও ভোটার নম্বর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সংরক্ষিত রয়েছে।
এসএমএসে ভোটার নম্বর
আসন্ন বরিশাল-৫ আসনের উপনির্বাচনে নির্ধারিত নম্বরে মোবাইল এসএমএসের মাধ্যমে ভোটারদের কেন্দ্র ও ভোটার নম্বর জানানোর উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
কমিশনের এক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্রধারীদের সহজে ভোটার নম্বর জানিয়ে দেয়ার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে একটি সংসদীয় আসনে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগামী ১২ জুন বরিশালে উপনির্বাচনে এ ব্যবস্থা থাকছে।
“এতে সফলতা পেলে আগামীতে জাতীয় নির্বাচনেও ভোট কেন্দ্র, ভোটার নম্বর এসএমএসে জানিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে,” বলেন তিনি।
