‘দেশে মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা সমন্বিত’
বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করতে না পারা একটি সমন্বিত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুধবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “দেশে মাদক নিয়ন্ত্রণ করতে না পারাটা একটি সম্বন্বিত ব্যর্থতা। দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাদকসেবীর সংখ্যা ৬০ লাখ আর বিক্রেতার সংখ্যা এক লাখ। আমরা সবাই মিলে তা প্রতিরোধ করতে পারিনি।”
দেশের ভেতর মাদকের চাহিদা থাকায় সীমান্তে মাদক চোরাচালান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী বলেন, দেশের প্রধান দুই সমস্যার মধ্যে একটি হচ্ছে মাদক।
মাদকের চাহিদা কমাতে সমাজের সবাইকে একসাথে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক বিক্রিতে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ডিআইজি নওশের বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ১০০ থেকে দেড়শ লোক খারাপ হতে পারে। এরা হয়ত মাদক চোরাচালানের সাথে জড়িত। তাই ব্যক্তি ও সংগঠনকে একসাথে করে ফেলা ঠিক হবে না।”
চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নগরীর এমন কোন মহল্লা নাই যেখানে মাদক পাওয়া যায় না। আমরা যতটুকু উদ্ধার করতে পারি তা পাচারের ক্ষুদ্র অংশ।
“সারাদেশে মাদক উদ্ধারে সিএমপি প্রথম হয়েছে গত কয়েকবছর ধরে। এর একটি কারণ হতে পারে চট্টগ্রামে হাত বাড়ালে মাদক পাওয়া যায়, অন্যটি হচ্ছে পুলিশের তৎপরতা।”
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমীর হোসেনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধিদপ্তরের ঢাকার পরিচালক মফিজুর রহমান, বিজিবি খাগড়াছড়ি গুঁইমারার সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক, চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু প্রমুখ।
আলোচন সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
