সিলেটে অচেতন অবস্থায় যুবক উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কদমতলীর আবেদীন সিএনজি স্টেশনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
যুবকটি তার নাম আমান বলে পুলিশকে জানিয়েছে। তবে বিস্তারিত কোনো ঠিকানা দিতে পারেনি।
দক্ষিণ সুরমা থানার এসআই শফিকুল ইসলাম খান জানান, বিকালে এক ব্যক্তি সিএনজি স্টেশনের পাশে এক যুবকের অচেতন অবস্থায় পড়ে থাকার খবর দেয়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে।
এসআই শফিক জানান, উদ্ধার করা যুবকের দুই পায়ের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। নির্যাতনের কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
সে কাগজে তার নাম আমান ও ভাইয়ের নাম আজব চিশতি লিখে দেখায়।
এসআই শফিকুল ইসলাম আরো জানান, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে যুবককে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে।
