দিনাজপুরে ভেজাল ওষুধ, গ্রেপ্তার ১
দিনাজপুর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-১৩ এর একটি দল বড় বন্দর এলাকার দীনেশ রায়ের বাড়ি থেকে ভেজাল ওষুধসহ তার জামাতা দেবেশ চন্দ্র রায়কে গ্রেপ্তার করে।
র্যাব-১৩ এর অভিযানের নেতৃত্বে থাকা মেজর খালিদ ইবনে হোসেন জানান, বেলা ১টার দিকে দীনেশ রায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ক্যাপসুল ও ট্যাবলেটসহ ওষুধের বোতল ও প্যাকেট উদ্ধার করা হয়।
অনুমোদনহীন ও নকল এই ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে দীনেশের জামাতা দেবেশ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত দেবেশকে আট মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেয়।
এরপর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
