২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমার নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় দেশটির সঙ্গে সমুদ্র বাণিজ্য সম্প্রসারণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

সফররত মিয়ানমারের নৌবাহিনী প্রধান এডমিরাল জেয়া চও থিন থুরা থেট শোয়ে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, “মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানে আরো দক্ষতা অর্জনের লক্ষ্যে উভয় নৌ-বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যেতে পারে।”

রাষ্ট্রপতি উভয় দেশের নৌ-বাহিনীর মধ্যে শুভেচ্ছা সফর বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে মিয়ানমারের নৌ-প্রধান বলেন, “মিয়ানমার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

“বাংলাদেশ ও মিয়ানমার একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। এই ব্যাপারে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে।”

মিয়ানমারের নৌ-প্রধান এসময় দুই দেশের নৌ-বাহিনীর যৌথ মহড়ার ওপর গুরুত্বারোপ করেন।