টাঙ্গাইলে ব্যবসায়ী ‘নিখোঁজ’
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে পরিবার জানিয়েছে।
‘নিখোঁজ’ আ. বারী মিঞা (৪৫) উপজেলার ঘোনারচালা গ্রামের প্রয়াত আলফাজ উদ্দিনের ছেলে এবং ঘোনারচালা বাজারের ব্যবসায়ী।
এ ব্যাপারে বুধবার সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আ. বারীর স্ত্রী মাজেদা বেগম।
ডায়েরিতে অভিযোগ করা হয়, ঘোনারচালা বাজারের সোহাগ এন্টারপ্রাইজের মালিক আ. বারী মিঞা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘোনারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লি. এর কার্যকরী পরিষদ নির্বাচনী কাজে পার্শ্ববর্তী কচুয়া বাজারে ভোট প্রচারণার জন্য বের হন।
নির্বাচনে তিনি কোষাধ্যক্ষ পদেপ্রার্থী। বৃহস্পতিবার ওই নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।
মাজেদা বেগম জানান, “তার কোনো শত্রু নেই। হঠাৎ মঙ্গলবার রাত ৮টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাই, এখন পর্যন্ত কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, মাজেদা বেগম থানায় জিডি করার পর থেকে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
