২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাবাসহ পরিবারের ছয় জনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার দেবাশুর গ্রামে এ হামলায় আহত ছাত্রীর বাবা রতন বিশ্বাস, ভাই মিলন বিশ্বাস, চিন্ময় বিশ্বাস, চাচা শান্তি রঞ্জন বিশ্বাস ও হরাধন বিশ্বাসকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের নাম জানা যায়নি।

রতন বিশ্বাস জানান, দেবাশুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে তার মেয়ে।

একই গ্রামের শান্তিরঞ্জন মন্ডলের বখাটে ছেলে সঞ্জিত মন্ডল তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় সঞ্জিত, গোবিন্দ, মৃদুল ও পলাশ তার মেয়েকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় বুধবার দুপুরে সঞ্জিতের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা করে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ ইমারত আলী বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ব্যপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।”