নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বড়ইলাশপুর গ্রামে ধলাই নদীতে ডুবে যায় তারা।
এরা হলো উপজেলা সদর ইউনিয়নের বড়ইলাশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৬), সিরাজুল ইসলামের মেয়ে কনিকা (৫) ও শামছউদ্দিনের মেয়ে সুমনা (৬)।
ওই শিশুদের পরিবার জানায়, বেলা দেড়টার দিকে তারা বাড়ির পাশের ধলাই নদীতে গোসল করতে নামে। এ সময় তারা একে একে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রথমে কনিকাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুইজন তখনো নিখোঁজ ছিল।
পরে নদীতে প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করে সুমনা ও মাজহারুলের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা রোধে সকলের সচেতন হওয়া উচিত।
