ঝালকাঠীতে শিক্ষকের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার নিজ গালুয়া গ্রামে এ ঘটনায় জীবনদাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকের মো. মোজাম্মেল হক তালুকদারের বাড়িটি পুড়ে গেছে ।
ওই শিক্ষকের ছেলে মোজাদ্দেদ তালুকদার বলেন, “গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আমার বৃদ্ধ বাবা ডাকচিৎকার শুরু করেন। এ সময় শিশু সন্তান, স্ত্রী ও বাবাকে নিয়ে আগুনের ভেতর থেকে কোন মতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হয়েছি।
খবর পেয়ে ঝালকাঠী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই সম্পদসহ ঘরটি ভস্মিভূত হয়ে যায়।”
আগুনে বসতঘর ফ্রিজ, স্বর্ণাংলকার ও নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মোজাদ্দেদ অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার ওসি মো. মাসুদ্দুজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
