২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়েছে ২৬ দোকান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বাজারে আগুন ধরে ২৬টি দোকান পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 02:34 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার ভোর ৪টায় উপজেলার হরিণবেড় বাজারে এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা।

নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের জানান, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই অন্তত ২৬টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

হরিণবেড় বাজারের নৈশ প্রহরী আব্দুর রহিম বলেন, ভোর ৪টায় বাজারের একটি দোকান থেকে আগুনের সূচনা হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাজারের প্রায় ২৬টি দোকান পুড়ে যায়।

এসব দোকানের মধ্যে কাপড়, মুদি, ওষুধ, সার ও জুতার দোকান এবং ধান-চালের গুদাম রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

বাজারের কাপড় ব্যবসায়ী অমৃত বিশ্বাস বলেন, দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।