চট্টগ্রামে ২১টি ভবনের অবৈধ অংশ ভাঙার নির্দেশ
চট্টগ্রাম নগরীতে ২১টি ভবনকে চিহ্নিত করে এগুলোর অবৈধ অংশ ভেঙ্গে ফেলতে মালিকদের আদেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
মঙ্গলবার সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম খানের নেতৃত্বে এক অভিযানে মেহেদিবাগের জহুর আহমদ চৌধুরী সড়কের এসব ভবন ভেঙ্গে ফেলতে ১৫ দিন সময় দেয়া হয়।
অভিযান দলে থাকা সিডিএ’র অথরাইজড অফিসার-২ মোহাম্মদ শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদীবাগের চট্টেশ্বরী মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত অংশে সড়ক সম্প্রসারণের জন্য নির্ধারিত স্থানে গড়ে ওঠা ভবনের অবৈধ অংশ অপসারণে মালিকদের ১৫দিনের সময় দেয়া হয়েছে।
“এ সময়ের মধ্যে তারা অবৈধ অংশ অপসারণ করতে ব্যর্থ হলে ইমরাত নির্মাণ বিধিমালা অনুসারে ব্যবস্থা নেয়া হবে।”
সিডিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রাস্তার জন্য নির্ধারিত স্থানে গড়ে ওঠা চারটি ভবনের সীমান প্রাচীর ও দুটি ভবনের র্যাম্প অপসারণ করা হয়।
“অভিযানের সময় মো. শাহজাহানের মালিকানাধীন পাঁচ তলা আবাসিক ভবনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ষষ্ঠ তলা গার্মেন্টস হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।”
নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ এ অংশটিও অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্ধারণে এ ধরণের অভিযান ক্রমাগত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
