২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের পরিবারকে ডেকে নিয়ে কথা বললেন এসপি

সাত খুনে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে না পারার মধ্যে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 09:36 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, শ্বশুর শহীদুল ইসলামসহ কয়েকজন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে ডেকে পাঠানো হয়েছিল বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন। 

চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে পুলিশ কর্মকর্তারা বেশ কিছু সময় নজরুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।  

সেখান থেকে বেরিয়ে সেলিনা সাংবাদিকের বলেন, “আমরা আগে যে কথা বলেছি, সেই কথাই আবার পুলিশকে বলেছি।

“নূর হোসেনের নেতৃত্বে মামলার আসামিরা আমার স্বামীসহ সাতজনকে অপহরণের পর খুন করেছে। তবে প্রশাসনের সহযোগিতা ছাড়া এরকম হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়।”

“আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা শুধু চাই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক,” বলেন স্বামীহারা এই নারী।

অপহরণের মূল সন্দেহভাজন হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের নাম বলে এলেও শহীদুল দুদিন আগে দাবি করেন, তার জামাতা হত্যাকাণ্ডে র‌্যাব জড়িত।

তিনি বলছেন, কাউন্সিলর নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে র‌্যাবের মাধ্যমে নজরুলকে হত্যা করিয়েছে।

গুরুতর এই অভিযোগ ওঠার পর র‌্যাব তার তদন্তে একটি কমিটি করেছে। হাই কোর্টও এই অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে।

অপহরণের পর নয় দিন পেরিয়ে গেলেও এখনো এতে সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নূর হোসেনের বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। নজরুল পরিবারের করা মামলার অন্য কোনো আসামিকেও ধরা যায়নি।

নূর হোসেনসহ আসামিরা দেশেই নাকি পালিয়ে গেছেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন মঙ্গলবার বলেছেন, “আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছে, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আসামিদের পলায়ন ঠেকাতে সীমান্তে নজরদারি চালানো হচ্ছে বলেও এসপি মুহিদ জানান, যিনি এই অপহরণের পর বদলি হয়ে এই জেলায় দায়িত্ব নিয়ে এসেছেন।

মামলার দ্বিতীয় আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে।

নজরুলের পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ সুপার তার কার্যালয়ে সাংবাদিকদের আরো বলেন, স্পর্শকাতর এই ঘটনার তদন্ত তারা ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে করছেন।

“সারাদেশ তাকিয়ে আছে, পরিকল্পনা মাফিক এই মামলার তদন্ত করতে হবে। আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তদন্ত করছি।”

এই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তাদের কয়েকজনের কাছে কিছু তথ্য পাওয়া গেছে জানিয়ে এসপি মুহিদ বলেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।  

বর্তমানে এই মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে সহায়তা করতে সিআইডিকে বলেছে আদালত।

তবে যেহেতু র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তা এই বাহিনীকে তদন্তে সম্পৃক্ত না করতে বলেছে হাই কোর্ট।

পুরনো খবর:

তখন অভিযান হলে জীবিত পেতাম: নজরুলের স্ত্রী
র‌্যাবকে দায়ী করলেন নজরুলের শ্বশুর
খুন করে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল তাদের