২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা নেয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা কমান্ডার কারাগারে

মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চাঁদা নেয়ার বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার সকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

দুপুরে আদালতে নেয়া হলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করে ৮মের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

ওসি বলেন, সংবাদ প্রকাশের পর ওপরের নির্দেশে এ মুক্তিযোদ্ধা কমান্ডারকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্দেশদাতার ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়া পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং নাঙ্গলকোটের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়ার নাম করে ৩৯৮ জন মুক্তিযোদ্ধার কাছ থেকে মোট ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা চাঁদা তোলেন বলে স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।