সিলেটে ব্যাংক প্রহরী ‘নিখোঁজ’
সিলেটে এক কর্মকর্তার টাকা জমা দিতে গিয়ে ব্যাংকের নিরাপত্তারক্ষী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আম্বরখানা শাখার প্রহরী ইব্রাহিম খলিলুল্লাহর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এটি অপহরণ কি না তা জানাতে পারেনি পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ইব্রাহিম অপহৃত হয়েছেন না টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ তার সন্ধানে অভিযান চালাচ্ছে।
ব্যাংকের আম্বরখানা শাখার নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ৮০ হাজার টাকা দিয়ে সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখায় তার (মান্নান) ব্যক্তিগত হিসাবে জমা দিতে পাঠান ইব্রাহিমকে।
এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তার বাইসাইকেল চৌহাট্টা থেকে উদ্ধার করা হয়েছে। খলিলুল্লাহ আম্বরখানা বড়বাজার এলাকার আরব আলীর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশায়।
