শিশুর কিডনি কাটার ঘটনায় দুই পুলিশকে তলব
সিরাজগঞ্জে কিডনি কেটে নেয়ার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ওসি ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার হাই কোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এই আদেশ দেয়।
ওই মামলার অগ্রগতি প্রতিবেদন নিয়ে আগামী ১৮ মে এই দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ঘৃণ্য ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, উল্লাপাড়া থানার ওসিসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার নওশের আলী মোল্লা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
পরে নওশের আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় জড়িত ছয় আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। মামলার অগ্রগতি সন্তোষজনক নয়।
“এই কারণে আমরা হাই কোর্টের নির্দেশনা চেয়েছি। আদালত রুল দেয়ার পাশাপাশি দুই পুলিশ কর্মকর্তাকে অগ্রগতি প্রতিবেদন নিয়ে হাজির থাকতে বলেছেন।”
গত ২২ এপ্রিল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল হান্নানের ছেলে শিশু হারুন (৬) নিখোঁজ হয়। চার দিন পর পার্শ্ববর্তী ফইলার বিলের একটি ডোবা থেকে কচুরিপানার নিচে তার ‘কিডনিবিহীন’ মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হারুনের বাবা আব্দুল হান্নান একই গ্রামের তিন জনকে সন্দেহভাজন আসামি করে থানায় মামলা করেন।
পরে ২৭ এপ্রিল রাতে ‘পালিয়ে যাওয়ার সময়’ উপজেলার সীমান্তবর্তী কালিয়াকৈর এলাকা থেকে খলিলকে গ্রেপ্তার করে।
২৯ এপ্রিল আদালতে হাজির করলে খলিল স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়। খলিল উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তরফবাড়িয়া গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
