২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংস্কৃতি চর্চার পর্যাপ্ত অবকাঠামো নেই: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি চর্চার জন্য চট্টগ্রামে পর্যাপ্ত অবকাঠামো নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আগামী বাজেটে বরাদ্দের সুযোগ তৈরিতে চট্টগ্রামের সংস্কৃতি চর্চার স্থানগুলো তিনি পরিদর্শন করেছেন বলেও জানান মন্ত্রী।

আসাদুজ্জামান নূর বলেন, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল, জেলা শিল্পকলা একাডেমি ও থিয়েটার ইনস্টিটিউটের অবস্থা খুবই নাজুক।

“অবকাঠামোগত সংস্কার করে শিল্পকলা অ্যাকাডেমির উন্নয়ন করা গেলেও মুসলিম হলের উন্নয়নের এটি ভেঙ্গে নতুন করে তৈরি করতে হবে।’’

চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মিলনায়তনটি ভেঙ্গে নতুন একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বৈঠকের আগে মন্ত্রী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, মুসলিম হল, থিয়েটার ইনস্টিটিউট ও শহীদ মিনার পরিদর্শন করেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, “চট্টগ্রামের হিসেবে শহীদ মিনারের জন্য যতটুকু জায়গা দরকার তা নেই। শহীদ মিনার ও মুসলিম হল একসাথে সংস্কার করলে এটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”

জেলা শিল্পকলা একাডেমির হলরুমটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হলে তা নাটকের জন্য ভালো হবে মন্তব্য করেন তিনি।

“এসব করতে টাকার প্রয়োজন। বাজেটে কত টাকা পাব তা জানি না”, যোগ করেন মন্ত্রী।

নগরীর ডিসি হিলের নজরুল মঞ্চের প্রসঙ্গ তুলে সংস্কৃতি মন্ত্রী বলেন, “মঞ্চটি যে জায়গায় করা হয়েছে তা উপযুক্ত নয়। বর্তমান মঞ্চের ডানদিকে মঞ্চ তৈরি করা হলে তা ভালো হতো।”

তিনি বলেন, “আগের তুলনায় বর্তমানে সংস্কৃতির ক্ষেত্রে বরাদ্দ বাড়লেও সংস্কৃতি চর্চা বাড়েনি।”

মন্ত্রী সংস্কৃতি চর্চা বাড়াতে অভিবাবকদের এগিয়ে আসতে হবে।

বর্তমান সময়ের পড়ালেখার পদ্ধতির কারণে শিশু-কিশোররা সংস্কৃতি চর্চার জন্য সময় পায় না উল্লেখ করে আসাদুজ্জামান নুর বলেন, “এ+ পাওয়ার জন্য সন্তানদের যেভাবে ‘গেলানো’ হয় তাতে তাতে সংস্কৃতি চর্চার করার সময় পায় না।”

“এভাবে সন্তানদের পরীক্ষার ফলাফল ভালো হলেও জীবনের পরীক্ষায় তারা খারাপ করবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।