অপহরণের এক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার
কক্সবাজারের চকোরিয়ায় এইচএসসির একটি পরীক্ষা কেন্দ্রের ফটক থেকে অপহরণের ঘণ্টাখানেক পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে বলে চকোরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা পৌনে ১০টার দিকে চকোরিয়া ডিগ্রি কলেজের মূল ফটক থেকে এইচএসসি পরীক্ষার্থী উপজেলার লইক্ষ্যারচর গ্রামের বাসিন্দা মাশুক আহমদের মেয়ে রুমানা ইছহাক নূরীকে জোর করে একটি গাড়িতে তুলে নেয় দুর্বৃত্তরা।
তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কয়েকটি আঞ্চলিক সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। ঘণ্টাখানেক পরে বরইতলী এলাকায় পুলিশের একটি দল অপহরণকারীদের গাড়িটি ধাওয়া করে তাদের আটক এবং ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে।
পরে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
এ ঘটনায় আটকরা হলেন- উপজেলার ইলিশিয়ার আমান উল্লাহ (৩০), নাছির উদ্দিন (৩৩), সালাহ উদ্দিন (২৮) এবং কোনাখালী এলাকার বাসিন্দা গরীব উল্লাহ (২৬)।
