দায়িত্বরত অবস্থায় নিহত ১০৯ সদস্যকে স্মরণ করলো বাংলাদেশ পুলিশ
কর্তব্যরত অবস্থায় ২০১৩ সালে নানা কারণে নিহত ১০৯ জন পুলিশ সদস্যকে স্মরণ করে তাদের পরিবারকে সম্মাননা জানালো বাংলাদেশ পুলিশ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনায় পুলিশ কনভেশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্তব্যরত অবস্থায় ২০০৩ সালে নিহত ১০৯ জন পুলিশ সদস্য পরিবারগুলোর কল্যাণে সার্বিক ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, ২০১৩ সালে বিভিন্নভাবে ৩৫৭ জন পুলিশ সদস্য মারা যান। তার মধ্যে দায়িত্ব পালনকালে ১০৯ জন মারা যান।
এরা দুর্বৃত্তের হামলায় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। নিহতের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন পরিদর্শক, ১৩ জন উপ-পরিদর্শক (এসআই), ৬জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ৩জন এটিএসআই, দুইজন নায়েক এবং ৮৩জন কনস্টবল রয়েছেন।
মন্ত্রী বলেন, “গত বছর জামায়াত-শিবির, হেফাজত ও বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির কারণে ১৫ জন পুলিশ সদস্য মারা যান।”
পুলিশ প্রধান হাসান মাহমুদ বলেন, “নিহতদের পরিবারের কল্যাণে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল থেকেও নিহতদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে রাজশাহীতে রাজনৈতিক কর্মসূচিতে নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ্র সরকারের স্ত্রী শ্রীমতি দীপ্তি রানী ছাড়াও ঢাকার নিহত কনস্টবল মনজুরুল আলমের স্ত্রী ইয়াসমীন, ঢাকার এপিবিএন’র কনস্টেবল মিজানুর রহমানের স্ত্রী রোকেয়া আক্তার বেদনা, বাংলা মোটরের পুলিশ গাড়িতে পেট্রোল বোমা হামলায় নিহত কনস্টবল ফেরদৌস খলিলের স্ত্রী হোসনে আরা ছাড়াও নিহত ১০৯ পুলিশ সদস্যের স্বজনরা উপস্থিত ছিলেন।
