চট্টগ্রামে অপহরণ নিয়ে ধন্দে পুলিশ
অনুসন্ধানের পর কয়েকটি অপহরণের ঘটনা ‘সাজানো’ বলে প্রমাণ পাওয়ায় এ সংক্রান্ত অভিযোগ নিয়ে দ্বন্দ্বে রয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।
নারায়ণগঞ্জে কাউন্সিলরসহ সাতজন অপহরণের পর হত্যায় দেশব্যাপী যখন ‘অপহরণ ও গুম’ আলোচনার বিষয়, তখন এ সংক্রান্ত দুটি অভিযোগ তদন্ত করতে গিয়ে ভিন্ন তথ্য পেয়েছে চট্টগ্রাম পুলিশ।
গত শনিবার দুপুরে নগরীর হালিশহর এলাকার আই ব্লকের বাসিন্দা আবু নাসের হালিশহর থানায় স্ত্রী আয়েশা আক্তার (২২) ও ছয় বছরের মেয়েকে অপহরণের অভিযোগ আনেন। অপহরণকারীরা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছে বলেও জানান তিনি।
তবে সেই রাতেই মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ তাদের উদ্ধার করে।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে আয়েশা হালিশহর এইচ ব্লক এলাকায় একটি বাসায় আত্মগোপন করেছিল।
“শুরু থেকেই বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হওয়ায় মহিলার মোবাইল ট্র্যাক করে পুরো এলাকায় অভিযান চালাই। এসময় আয়েশা নিজ থেকে তার মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়ে আসেন।”
পারিবাহিক কলহের জের ধরে ভরণপোষণ নিশ্চিত করতেই ওই নারী ‘অপহরণ নাটক’ সাজিয়েছিলেন, বলেন এই পুলিশ কর্মকর্তা।
শনিবার রাতে মো. বাবুল নামে এক ব্যক্তি তার ছেলে মো. রাজু (১৮) ও তার বন্ধু মো. হোসেন (২০) অপহৃত হয়েছেন বলে বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশের কাছে আলাদাভাবে অভিযোগ করেন।
অভিযোগে বাবুল উল্লেখ করেন, তার ছেলে ও তার বন্ধু আগ্রাবাদের একটি জুস কোম্পানিতে চাকরির জন্য সাক্ষাৎকার দেয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে বন্ধু হোসেনের মোবাইল থেকে ফোন করে ৩২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। নতুবা তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বলেন, “রাজু নিজের মোবাইল থেকেই ফোন করে তারা অপহৃত হয়েছে দাবি করে তাদের জন্য ৩২ হাজার টাকা পাঠানোর কথা বলে। পরে সে আবার পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য প্রস্তাব দেয়।”
এসময় তার পরিবারের পক্ষ থেকে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শহিদুল্লাহ বলেন, “পাঁচ হাজার টাকা দাবির বিষয়টি পুলিশের কাছে ‘রহস্যজনক’ মনে হওয়ায় নগর গোয়েন্দা পুলিশ কক্সবাজার ও নগরীতে অভিযান চালিয়ে সংবাদ পায় দুইজনই অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাড়ি দিয়েছে।”
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই দুই যুবকের অভিভাবকরাও জানত তারা মালয়েশিয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা সেখানে পাড়ি জমাতে পেরেছে কি না তা নিশ্চিত করতেই এ অপহরণ নাটক করা হতে পারে।”
এদিকে, আব্দুল কাদের (৫৩) নামে এক ব্যক্তি চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার পর থেকে নিখোঁজ আছে বলে সদরঘাট থানায় রোববার রাতে সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার কাদের চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং সেখান থেকে খুলনা যায়। শনিবার সকালে কাদের তার ছেলের মোবাইলে ফোন করে টাকা পাঠানোর কথা বলে এবং তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার বলেন, “এ দুটি অপহরণের জট খোলার পর অন্যান্য ঘটনাগুলোও কিছুটা সন্দেহজনক বলে মনে হচ্ছে।”
তারপরও নগরীতে অপহরণ ঠেকাতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানান তিনি।
