মাসের শেষে সিলেটে বন্যার শঙ্কা
তাপদাহে বৃষ্টিহীন মাস কাটানোর পর মে মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সোমবার মে মাসের দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে, তাতে এই শঙ্কার কথা জানানো হয়।
এই মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই মাসে ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তবে মাসের শেষভাগে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দেয়া হয়েছে।
গত এপ্রিল মাসে সারাদেশে বৃষ্টিপাত সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৭৯ শতাংশ কম হয়েছে। চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া বিভাগের আভাস।
প্রায় বৃষ্টিহীন এপ্রিল মাসে বাংলাদেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। ওই সময়ে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রিতে ওঠেছিল।
