চট্টগ্রামে বাসচাপায় নিহত ২
চট্টগ্রামের চান্দগাঁওয়ে বাসচাপায় এক রিকশাচালক এবং একটি শিশু নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে চান্দগাঁও ‘এ’ ব্লকের সামনের সড়কে বহদ্দারহাট বাস টার্মিনালমুখী একটি বাস একটি রিকশাকে চাপা দিলে তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতদের একজন রিকশাচালক ও অন্যজন এর যাত্রী আট বছর বয়েসী এক শিশু। দুর্ঘটনায় রিকশারোহী এক ব্যক্তিও আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা শহীদ জানান, স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
