২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসীরা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত’

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষরা ভূমির অধিকার ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত বলে চট্টগ্রামের একটি আলোচনা সভায় মত এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 10:02 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশে আদিবাসী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের আলোচকরা এই মত দেন।

‘বাংলাদেশের আদিবাসীদের ভূমি ও মানবাধিকার পরিস্থিতি এবং আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯’ শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, “আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনা মূলত প্রথাগত ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত।

“আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার আইনে স্বীকৃত হলেও বাস্তবে সরকার ও তার প্রশাসন যন্ত্র এর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করায় আদিবাসীদের জমি প্রতিনিয়ত বেদখল হচ্ছে।”

উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে অভিহিত করার চেষ্টাকে মানবাধিকার লঙ্ঘন দাবি করে তিনি আদিবাসী স্বীকৃতি দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “আদিবাসীদের আত্মপরিচয় নির্ধারণের অধিকার আছে। কারো জাতিগত পরিচয় নির্ধারণ করে দেয়া মানবাধিকার লঙ্ঘন।”

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “একেক দেশের আদিবাসীদের সমস্যা একেক রকম। আমাদের দেশেও আদিবাসীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন আছে। তবে বাস্তবায়নকারীরা আন্তরিক না হলে সমস্যা মিটবে না।

“পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে শান্তি চুক্তি করে। কিন্তু এখনো আদিবাসীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। নিজেদের সমস্যা আগে নিজেরা নিরসন করতে হবে।” 

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক শরৎ জ্যোতি চাকমা।

বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, নোয়াপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী ও আইএলও’র জাতীয় সমন্বয়ক (ঢাকা) অ্যালেক্সিয়াস চিচেম প্রমুখ।