২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অন্যরকম এক সম্মেলনে শিক্ষকরা

নিজের তৈরি গণিত শেখার শতাধিক উপকরণ নিয়ে এসেছেন আছিউদ্দিন আহমদ। গণিতের কঠিন বিষয়কে সহজে বোঝাতে গত দুই বছর ধরে এসব তৈরি করেছেন ৫২ বছর বয়সী কুমিল্লার এই শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম, কক্সবাজার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:07 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শিক্ষায় তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘একুশ শতকের শিক্ষায় আলোকিত শিক্ষক’ স্লোগানে সোমবার থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিক্ষক সম্মেলন।

মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট ও শিক্ষক বাতায়নে বিশেষ অবদান রাখা সারাদেশের ১০০ শিক্ষক এতে অংশ নিচ্ছেন।

সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণেই ১৮টি স্টলে বসেছে শিক্ষার ডিজিটাল কনটেন্টসহ শিক্ষা উপকরণের মেলা।

আছিউদ্দিনের মতো এই মেলায় গণিত, বাংলা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের ডিজিটাল কনটেন্টসহ হাতে তৈরি বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হয়েছেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সম্মেলনের উদ্বোধন করে বলেন, আইসিটির জগত শ্রেষ্ঠ ও এর ব্যবসা ক্ষেত্রের সীমা-পরিসীমা নেই।

ডিজিটাল কনটেন্ট তৈরিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশে দৌড় শুরু হয়েছে, সবাইকে নিয়েই দৌড়াতে হবে।”

‘আছিরউদ্দিন আহমেদ কর্তৃক তৈরি গণিত শিক্ষার উপকরণ’ ব্যানার ঝুলিয়ে নিজের স্টলের সামনে উৎসুক শিক্ষার্থীদের গণিতের কঠিন বিষয়গুলো বোঝাচ্ছিলেন আছিউদ্দিন নিজেই।

ক্লান্তি ছাপিয়ে হাসিমুখেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিজের মন থেকেই এসব করি। শিক্ষার্থীরা উপকার পেলে ভালো লাগে।”

কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম এসেছেন নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত শেখার ডিজিটাল কনটেন্ট নিয়ে।

তিনি জানান, গত নভেম্বরে ১৪ দিনের একটি প্রশিক্ষণ পাওয়ার পর তিনি কাজ শুরু করেন। এ বছরের জানুয়ারি থেকে তাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবাহার করে শিক্ষার্থীদের গণিত শেখাচ্ছেন তিনি।

“আগে আমি নিজেই কম্পিউটার ব্যবহার পারতাম না। এখন কম্পিউটার নিয়ে থাকা আমার নেশার মতো হয়ে গেছে।”

শিক্ষকদের বিষয়ভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেয়ার দাবি জানান শহীদুল।

মেলা ঘুরে বায়তুল শরফ জব্বারিয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমান বলেন, “চমৎকার সব জিনিস দেখলাম। এগুলো হাতে পেলে খুব সহজেই কঠিন বিষয়গুলো শেখা যাবে।”

মেলায় ব্র্যাকের স্টলে প্রদর্শন করা হয়েছিল বিভিন্ন ধরনের ডিজিটাল শিক্ষা উপকরণ। ব্র্যাক স্লোগানে বলছে- ‘গণিত বিজ্ঞান আর ইংরেজিকে করি না ভয়, প্রযুক্তি আর শিক্ষা দিয়ে করব ভুবন জয়।’

মেলায় আসা শিক্ষার্থীদের ল্যাপটপে কারক আর সমাস চেনার উপায় বুঝিয়ে দিচ্ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম।

তিনি জানান, তাদের বিদ্যালয়ে বাংলা, গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরেরে মাধ্যমে তা শেখানো হচ্ছে।

রংপুর শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী ল্যাবরেটরিয়ান রেজাউল করিম পানির বোতল, কাগজ, সুতা, প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি করেছেন বিজ্ঞানের বিভিন্ন সূত্রের হাতে-কলমে প্রমাণ করে দেখানোর উপকরণ।

রেজাউল ‘সাইফন ফোয়ারা’, ‘আর্কিমিসের সূত্র’সহ ১৬ বছর ধরে কাজের ফাঁকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রমাণের শতাশধিক উপকরণ তৈরি করেছেন।

শখের বশে এসব উপকরণ তৈরি করলেও এখন রেজাউল শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন বলেও জানান।

এই স্টল পরিদর্শন করে কক্সবাজার কেজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মফিজ বলেন, “এসব দেখে আমি অভিভূত।”

শিক্ষক সম্মেলন ও মেলায় অংশ নেয়া বেশির ভাগ শিক্ষকই জানান, শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাস করার জন্য উদগ্রীব হয়ে থাকে। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয় খুব সহজেই শিক্ষার্থীদের বোঝানো যায়।

সম্মেলনে সোমবার দুটি সেমিনার হয়েছে। ময়মনসিংহ শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান আনন্দদায়ক শ্রেণিকক্ষ কিভাবে করা যায় সে বিষয়ে একটি ডিজিটাল কনটেন্ট উপস্থাপন করেন।

“শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য সমসাময়িক স্থিরচিত্র, চলচ্চিত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান দিতে হবে। পাঠদান কৌশল, পাঠগ্রহণ ও আলোচনা তিনটি উপাদানের সমন্বয় করে আনন্দদায়ক শ্রেণিকক্ষ করতে হবে।”

চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রভাষক জয়দেব দে অতীত, বর্তমান ও ভবিষ্যত শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এ সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ তৈরি করে পাঠন-পাঠনকে আরো প্রাণবন্ত করা যাবে বলে মত তুলে ধরেন এই শিক্ষক।

ভিকারুননিসানূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাসনিফা খানম শিক্ষার্থীদের মনোভাব বুঝে পাঠ দেয়ার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের মনোভাব, চাহিদা ও বয়স বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বিষয়কে সহজে বুঝিয়ে প্রিয় শিক্ষক হওয়া যায়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ব্রেনডাম ম্যাকশেরি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ই-লার্নিং বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমীন বক্তব্য রাখেন।

এই সম্মেলনে ৪২ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।