২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পছন্দমতো খাদ্য কিনতে ‘ক্যাশ ভাউচার’ পাচ্ছে রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এবং উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দারা যাতে নিজেদের পছন্দমতো খাদ্য কিনতে পারে, সেজন্য রেশনের পরিবর্তে ‘ক্যাশ ভাউচার’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা আগামী জুলাই থেকে চালু হচ্ছে।

সাজিদুল হক

কক্সবাজার থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

বর্তমানে এই দুটি শিবিরের বসবাসকারী প্রত্যেককে পাক্ষিক হিসাবে ৬ কেজি ৩০০ গ্রাম চাল, ৫৬০ গ্রাম ডাল, ২৮০ গ্রাম তেল, ১৪০ গ্রাম লবণ এবং ৭০০ গ্রাম চিনি দেয়া হয়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব খাদ্য দ্রব্য শরণার্থী শিবিরে বিতরণ করা হয়। এর বাইরে সাবান, সিআরএইচ জ্বালানি, টুথ পাউডার, কেরোসিন ও ছাতু দেয়া হয়।

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার ফরিদ আহমদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরণার্থী শিবিরে যে খাদ্য দেয়া হয় তাতে একজন মানুষের পরিপূর্ণ পুষ্টি মেলে না। সরবরাহ করা খাদ্যের বাইরে যাতে শরণার্থীরা নিজেদের পছন্দের খাবার কিনতে পারে, সে জন্য ক্যাশ ভাউচার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

বর্তমানে একজন নিবন্ধিত রোহিঙ্গা যে পরিমাণ খাদ্যদ্রব্য রেশন সুবিধা হিসেবে পায়, তার বাজার মূল্য হিসেবে প্রত্যেকে ক্যাশ ভাউচার দেয়া হবে। শরণার্থী শিবিরের নির্দিষ্ট স্থান থেকে শিবিরের বাসিন্দারা ওই ভাউচারের বিপরীতে নিজেদের পছন্দমতো খাদ্যদ্রব্য কিনতে পারবে।

পরিবারের আকার অনুযায়ী এই ‘ক্যাশ ভাউচার’ দেয়া হবে বলে জানান ফরিদ আহমদ।

মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দশক আগে সে দেশের মুসলিম নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকা শুরু হয়।

ইউএনএইচসিআর ও আরআরআরসি’র তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।

এর বাইরে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে।

সম্প্রতি বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর শরণার্থী শিবিরের বাসিন্দা গণনার কাজ শুরু করেছে। ফরিদ আহমদ ভূইয়া জানান, গণনার পর এই সংখ্যা ৩৩ হাজারের মতো হতে পারে।

তিনি বলেন, “শিবিরগুলোর বাসিন্দাদের প্রকৃত সংখ্যা জানার পর আগামী জুলাই থেকে ক্যাশ ভাউচার দেয়া হবে।”

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মতে, অপর্যাপ্ত খাবার সরবরাহ, খাদ্যাভ্যাসে সুষম খাবারের অভাব, খাদ্য বিক্রি/ভাগাগাগি প্রক্রিয়া, মায়েদের মানসিক স্বাস্থ্যসেবার পর্যাপ্ততা, ডায়রিয়া, স্বল্প পারিবারিক আয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশু বিকল্প খাদ্যের অভাব হলো রোহিঙ্গা শিশুদের মধ্যে পুষ্টিহীনতার অন্যতম প্রধান কারন।

তাদের তথ্য মতে, ২০১৩ সালে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে জিএএম (গ্লোবাল অ্যকিউট ম্যালনিউট্রিশন) রেট ১৩.১ শতাংশ (২০১২ সালে জিএএম ছিলো ১২.৬ শতাংশ)।

জিএএম ১০ থেকে ১৪ শতাংশকে ‘সিরিয়াস’ হিসেবে বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পুরনো খবর:

ইয়াবা পাচারে রোহিঙ্গারা
রোহিঙ্গাদের ‘সরেজমিনে’ দেখবে সংসদীয় কমিটি
আলোচনায় শরণার্থী সমস্যা সমাধানে জোর হাসিনার
রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক