খাল-মাঠ-পার্ক রক্ষায় নির্দেশনা চায় হাই কোর্ট
সারা দেশের সব খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলেছে হাই কোর্ট।
এক সম্পূরক আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশ বাস্তবায়ন করে বিবাদীদের ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটে গত বছরের ৭ এপ্রিল হাই কোর্ট দেশের সব খাল রক্ষায় নির্দেশনা জারি করতে নির্দেশ দেয়।
সংস্থাটির আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “ভূমি সচিব ছাড়া আর কেউ এই আদেশ বাস্তবায়ন করেনি। এরপর আমরা আদালত অবমাননার অভিযোগ দায়ের করি। আদালত আমাদের আবেদনের শুনানি করে নতুন করে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।”
