রূপগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, সোমবার বেলা দেড়টার দিকে ত্রিশকাহনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান রুবেল (২৮) উপজেলার চরপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি।
ওসি আসাদুজ্জামান আরো জানান, রুবেল ও আজাদুর মোটরসাইকেলে কাঞ্চন থেকে মুড়াপাড়া যাচ্ছিলেন। পথে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকাবাসী কাঞ্চন-রূপসী সড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে, বলেন ওসি।
