২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাতি খুন করল’ দাদিকে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:38 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ তরফুনেছা বেগমের (৭৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। নাতি মোখলেছ মিয়াকে (২৬) আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবর রহমান জানান, তরফুনেছা মতলব উত্তর উপজেলার এম এম কান্দি গ্রামের প্রয়াত রঙ্গ প্রধানের স্ত্রী। মোখলেছের বাবা আবদুল রশিদ ওই বৃদ্ধার বড় ছেলে।

পরিবারের উদ্বৃতি দিয়ে ওসি জানান, তরফুনেছার ছোট ছেলে রাশিয়া প্রবাসী। রোববার রাতে প্রবাসীকে ছেলেকে আনতে পরিবারের লোকজন ঢাকা বিমানবন্দরে যায়। ওই সময় বাড়িতে ছিলেন বৃদ্ধা তরফুনেছা ও নাতি মোখলেছ।

সোনার গহনার লোভে রাতের কোনো এক সময় মোখলেছ শ্বাসরোধ করে দাদিকে হত্যা করে। পরে গুম করার উদ্দেশে লাশ নিয়ে ঘরের বাইরে গেলে ভোর হয়ে যায়। এ সময় মোখলেছ লাশ বাড়ির পাশের একটি ঘরের সামনে ফেলে রেখে উপজেলার খাসকান্দি গ্রামে তার শ্বশুর বাড়ি চলে যায়।

সকালে বাড়ির লোকজন তরফুনেছার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মোখলেছকে আটক করে।

ওসি মাহবুবর রহমান আরো জানান, আটক মোখলেছকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।