সাভারে শিশু উদ্ধার
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে তিনদিন আগে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সীমা (৭) নামের মেয়েটিকে রাজধানীর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে মেয়েটি অপহৃত হয়েছিল কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
মেয়েটির বরাত দিয়ে মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, তার বাবার নাম গনি, বাড়ি সোনারগাঁওয়ের বস্তুল এলাকায় এবং গ্রামের বাড়ি মাদারীপুর।
এছাড়া তার তিন ভাইয়ের নাম শাহ আলম, শিপন ও রমজান বলেও সে পুলিশকে জানায়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে শিশুটিকে উদ্ধারে পর থানায় আনা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী সোনারগাঁও থানা পুলিশের সহায়তায় বস্তুল ও এর আশপাশ এলাকায় খোঁজখবর নেয়া হয়েছে।
এ ধরনের কোনো শিশু ওইসব এলাকা থেকে নিখোঁজ হয়েছে প্রমাণ মেলেনি বলে জানান ওসি।
দুপুরে শিশুটিকে রাজধানীর ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।
শিশুটির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, মেয়েটির মা একটি হোটেলে কাজ করে। শনিবার স্কুল ছুটির পর মায়ের জন্য অপেক্ষা করছিল। তখন এক ব্যক্তি তাকে মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে। পরে তাকে নদীর পারে রেখে ওই ব্যক্তি চলে যায়। সে হাঁটতে হাঁটতে এখানে (সাভারের আব্দুর রউফ গেইট) চলে আসে।
তবে সে কোন স্কুল লেখাপড়া করে তা বলতে পারেনি, বলেন ওসি।
