২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ গ্রেপ্তার ৮ ভুয়া ডিবি পুলিশ রিমান্ডে

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির সময় গ্রেপ্তার আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 03:14 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আতিকুর রহমান প্রত্যককে চারদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাজুল মৃধা (৩২), জামাল উদ্দিন (৩৫), শিপন (৩০), ইয়াকুব (৩১), মামুন খলিফা (২৮), রুবেল (২৫), শিশুল সরদার (২৭) ও রফিকুল্লাহ সাহেদ (৪৭)।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আবুল বাশার ও আব্দুল কাদের মিয়া তাদেরকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকের জন্য ১০ দিন হেফাজত চাইলেও আদালত ৪ দিন মঞ্জুর করেন।

এসময় গ্রেপ্তারকৃতদের পক্ষে জামিন চাওয়া হলে তা বিচারক নাকচ করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই মো. জিয়াউল হক।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার দুপুরে মিন্টো রোডে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনের গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণ পদ রায় বলেন, এই চক্রটি দুটি মাইক্রোবাসে করে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে অপহরণ, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ করছিল। রোববার রাতে বাড্ডার আফতাবনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের ধরা হয়।

তিনি বলেন, অপহরণ ঠেকাতে শনিবার গঠিত গোয়েন্দা পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’র সদস্যরা ওই স্থানে পৌঁছে একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেপ্তার করে। এসময় আরেকটি মাইক্রোবাসে করে কয়েকজন চলে যায়।

তাদের কাছে একটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ২০টি হাতবোমা ও একটি শর্টগান পাওয়া গেছে বলে জানান তিনি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছে,” বলেন উপকমিশনার।