২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন কমানোর প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বেতন কমানোর প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় একটি টেক্সটাইল কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 01:05 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শ্রীপুর থানার ওসি মোহসীন-উল-কাদির জানান, শ্রীপুরের মুলাইদ এলাকায় নোমান শিল্প গ্রুপের সাদসান টেক্সটাইল মিলস্ লিমিটেডের শ্রমিকরা বেতন কম দেয়ার অভিযোগে শনিবার রাত থেকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। সোমবার সকালেও তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি চালাতে থাকেন।

কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

আন্দোলনরত শ্রমিকদের বরাত দিয়ে ওসি বলেন, কারখানা কর্তৃপক্ষ আগে শ্রমিকদের ১২ ঘণ্টা কাজের জন্য শ্রমিকদের ১০ হাজার টাকা করে মাসিক বেতন দিত।

“এক মাস আগে কর্তৃপক্ষ কাজের সময় ৮ ঘণ্টায় নামিয়ে এনে বেতন পাঁচ হাজার টাকা প্রচলনের চেষ্টা করে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভে নামেন শ্রমিকরা।”

রোববার সকালেও শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসন, মালিকপক্ষের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না হওয়ায় সোমবার সকাল থেকে আবার বিক্ষোভ শুরু করেন তারা।

নোমান শিল্প গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনিক মহাব্যবস্থাপক নাসিম উদ্দিন সরকার জানান, আগে দিনে ১২ ঘণ্টা কাজ করিয়ে একজন শ্রমিককে ১০ হাজার টাকা দেয়া সম্ভব হলেও বর্তমানে কাজ না থাকায় দিনে ৮ ঘণ্টার বেশি কাজ কারানোর সুযোগ নেই।

আট ঘণ্টায় তাদের বেতন সাড়ে ৬ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই কারখানার আশপাশে জল কামানসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।