তরমুজে ক্ষতিকারক কিছু ছিল না: আইইডিসিআর
কুষ্টিয়ায় তরমুজ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠলেও ফলটিতে ক্ষতিকারক কোনো রাসায়নিক পদার্থ ছিল না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
সোমবার আইইডিসিআর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ওই তরমুজের অবশিষ্টাংশ উদ্ধার করে ল্যাবরেটরিতে ৩৬ ধরনের পরীক্ষা বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।
“আমরা কোনো ধরনের কেমিকেল পাইনি।”
গত ২১ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামে তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়। ওই পরিবারের সাত জনসহ অন্তত ২০ জন অসুস্থ হন।
পরে অসুস্থ রোগীদের রক্ত ও মলমূত্রের নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মাহমুদুর রহমান বলেন, কুমারখালীর শিশুটির দেহে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকতে পারে। তবে এবিষয়ে সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি।
তরমুজ কেনার আগে কোনো ফাটা আছে কি না, তা ভালোভাবে দেখে নেওয়ার জন্য ক্রেতাদের অনুরোধ জানিয়েছে আইইডিসিআর।
খাওয়ার আগে ফল ভালো করে ধুয়ে নেওয়া ও দুর্গন্ধ আছে কি না, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
