২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত তাণ্ডবের ৪২ মামলায় নেই অগ্রগতি

রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক বছর পার হতে চললেও ওই ঘটনায় দায়ের করা ৪২টি মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 12:18 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুলিশ বলছে, মামলাগুলো ‘বহুমাত্রিক’, তাই দেরি হচ্ছে।

গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ঘিরে হেফাজতে ইসলাম ব্যাপক তাণ্ডব চালায়। দিনব্যাপী এই তাণ্ডবের সময় হত্যা, গাছকাটা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়।

ওইদিন হাজার হাজার হেফাজত কর্মী শাপলা চত্বরে অবস্থান নেয় এবং পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এই অবস্থতায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সবগুলো ঝুঁকির মধ্যে পড়ে। এরপরেই মধ্যরাতে পুলিশ র‌্যাব এবং বিজিবি যৌথ অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।

হেফাজত কর্মীদের উচ্ছেদ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাজার হাজার লোক নিহত হয়েছে- এমন অভিযোগ উঠলেও কোন প্রমাণ পাওয়া যায়নি।

Image
সোমবার সকালেও মতিঝিলে গিয়ে দেখা মিলল আগের দিন হেফাজতকর্মীদের তাণ্ডবের চিত্র।

সোমবার সকালেও মতিঝিলে গিয়ে দেখা মিলল আগের দিন হেফাজতকর্মীদের তাণ্ডবের চিত্র।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের হিসাব অনুযায়ী, ওই দিন পুলিশ সদস্যসহ নিহতের সংখ্যা ১১।

এই ঘটনার পর পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বাদী হয়ে ৪২টি মামলা হয়। এসব মামলার মধ্যে মতিঝিল থানায় ৬টি, পল্টন থানায় ৩৩টি এবং রমনা থানায় হয় ৩টি মামলা।

পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মামলা বহুমাত্রিক। হাজার হাজার লোক আসামি। তদন্তে সময় প্রয়োজন।

“তবে যতদ্রুত সম্ভব পুলিশ এসব মামলা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে।”