ঝিনাইদহে শ্রমিক ইউনিয়ন নেতা খুন
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে শহরের আরাপপুরের উকিলপাড়া এলাকায় নিহত আব্দুল গাফফার বিশ্বাস (৫০) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা বাস-মিনিবাস শ্রমিক লীগেরও সাধারণ সম্পাদক পদের দায়িত্বেও ছিলেন গাফফার।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ভোর ৪টার দিকে গাফফারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার হয়েছে।
ইউনিয়নের কমিটি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।
নিহত শ্রমিক নেতার মেয়ে রূপনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে তার বাবা কয়েক জন শ্রমিকের সঙ্গে বাসা থেকে বের হন। এর পর আর ফেরেননি।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে রাত ১২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে হাফিজ নামে এক শ্রমিকের সঙ্গে চায়ের দোকানে দেখা গিয়েছিল গাফফারকে।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, “ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। আবার শ্রমিক ইউনিয়নের বিরোধের সুযোগে তৃতীয় পক্ষ ঘটনা ঘটাতে পারে।”
