২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালান রোধে বাংলাদেশ-মিয়ানমার যৌথভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মানব পাচার এবং অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বাংলাদেশ এবং মিয়ানমার- দু’দেশের যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 11:25 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

মিয়ানমারের নৌ-বাহিনী প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো দেশের একার পক্ষে মানব পাচার এবং অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ সম্ভব নয়।

মিয়ানমারের নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল জেইয়া কিয়াও হতিন থুরা থেটের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

পরে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবিষয়ে সাংবাদিকদের জানান।

মানব পাচার এবং অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ দুদেশের মধ্যে তথ্য বিনিময়ের ওপরো গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের জন্য ক্ষতিকর কিছু করতে পারবে না।

মিয়ানমার সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, দু’দেশ যৌথভাবে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, দু’দেশের নৌ-বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সফর বৃদ্ধি পেলে বাংলাদেশ ও মিয়ানমার মধ্যে সমস্যা সমাধান হবে।

মিয়ানমার নৌ-বাহিনী প্রধান সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

মিয়ানমার ব্যবসা-বাণিজ্য এবং সামুদ্রিক যোগাযোগের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে।

মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান বলেছেন, দু’দেশ যৌথভাবে চোরাচালান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি।

শুরুতেই মিয়ানমার নৌ-বাহিনী প্রধান তার দেশের সশস্ত্র বাহিনী প্রধানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে জানান।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন মূখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব লেফটেনেন্ট জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।