২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার বিদ্যুৎ সংকট কাটছে

বিকল হওয়ার প্রায় নয় মাস পর ফের চালু হয়েছে ভোলার ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 09:46 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার সকালে চালুর পর কেন্দ্রটি থেকে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ে সঞ্চালন লাইন বিচ্ছিন্ন থাকায় বেশ কিছু স্থানে এখনও বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়নি। শিগগিরই ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

ভেনচার এনার্জি রিসোর্চ লিমিটেডের পরিচালনায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, “দেশি-বিদেশি প্রকৌশলী দিয়ে মেরামত শেষে কেন্দ্রটিকে উৎপাদনে নেয়া সম্ভব হয়েছে।”

১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে তা বাড়বে।

এছাড়া অতিরিক্ত ছয় মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো চারটি মেশিন প্রস্তুত রয়েছে, খুব তাড়াতাড়ি তা চালু হবে বলে জানিয়েছে তিনি।

ভোলা পল্লি বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস বলেন, সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ায় এখন আর ভোলায় বিদ্যুতের তেমন সমস্যা হবে না।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী(ওজোপাডিকো) ভোলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত চলছে, পর্যাক্রমে সব স্থানেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

গত বছরের ১০ অগাস্টে যান্ত্রিক ত্রুটির কারণে ভোলার গ্যাস চালিত ভাড়াভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হয়। এতে চরম বিদ্যুৎ বিপর্যায়ের মধ্যে পড়ে দ্বীপজেলার মানুষ।

নয় মাস ধরে জাতীয় গ্রিডের পটুয়াখালী ও বরিশাল লাইন থেকে ভোলায় সামান্য বিদ্যুৎ সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় ছিলো খুবই কম। ফলে বিদ্যুৎ সমস্যা নিয়েই এ সময় পার করতে হয়েছে ভোলাবাসীকে।