২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঁড়িতে বসে উপদেষ্টার বৈঠক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রোববার হঠাৎ সিঁড়িতে বসে এক সহকর্মীর সঙ্গে আলোচনা করতে দেখে গুঞ্জন ওঠে উপস্থিতদের মধ্যে।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

উপদেষ্টাকে সিঁড়িতে বসা দেখে কৌতুহলী সাংবাদিকসহ অনেকেই এগিয়ে আসেন। প্রায় পাঁচ মিনিট বিদ্যুৎ ভবনের সিঁড়িতে বসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলীকে কিছু নির্দেশনা দেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ভবনের ১৫ তলায় একটি কর্মশালায় অংশ নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে গাড়িতে ওঠার জন্য লিফটে নিচতলায় নেমে আসেন উপদেষ্টা। লিফট থেকে ভবনের নিচে রাখা গাড়ির দিকে এগিয়ে আসেন তিনি।

এসময় কথা বলার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিকে এগিয়ে আসেন বিউবোর প্রধান প্রকৌশলী মিজানুর রহমান। উপদেষ্টা তার সঙ্গে কথা বলতে বলতেই ভবনে প্রবেশের মূল সিঁড়িতে বসে পড়েন। প্রায় পাঁচ মিনিট সিঁড়িতে বসে কথা বলেন দুজন।

অনেকেই এসময় ছবি তুলতে শুরু করেন।

কী কথা হল জানতে চাইলে মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার একটি স্টাডির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান চলার কারণে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। লিফটে নামার সময় অন্যরা কথা বলছিলেন। লিফট থেকে নেমে আমি কথা বলতে চাইলে উনি সিঁড়িতে বসেই কথা বলেন।”