২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগের নিখোঁজ ছাত্রলীগ নেতার সন্ধান চায় পরিবার

প্রায় তিনমাস আগে নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া রাজধানীর এক ছাত্রলীগ নেতার সন্ধান চেয়েছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ সবুজবাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের (২৫) পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সোহেলের বাবা ছানাউল্লাহ, মা শাহানারা বেগম, ছোট ভাই শফিকুল ইসলাম ও শাফায়েত হোসেন এবং মামা নুরুল ইসলামসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

তার বাবা দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন তার মামা।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি বিকালে বন্ধু রাসেল ও আহমেদ নাসেরের ফোন পেয়ে বাসাবো ওহাব কলোনির বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি সোহেল। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

রাসেল ও নাসেরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, একটি চাকরির জন্য তারা তিনজন নারায়ণগঞ্জ গিয়েছিলেন। এরপর তাদের সঙ্গে সোহেলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

সোহেলের মামা নুরুল ইসলাম বলেন, এঘটনায় সবুজবাগ থানায় ১৪ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়রি এবং ২১ ফেব্রুয়ারি রাসেল ও নাসেরসহ পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন সোহেলের মা শাহানারা বেগম।

মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, “এতদিন অতিবাহিত হয়েছে সোহেলের কোনো সন্ধান নেই। পুলিশও কোনো তথ্য দিতে পারছে না।”

তিনি জানান, মামলার পরে রাসেল ও নাসেরসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

সোহেলের ছোট ভাই শফিকুল ইসলামে অভিযোগ, তার ভাই ছাত্রলীগের অন্তর্কোন্দলের কারণে অপহৃত হয়েছে।

সোহেল মা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, “আপনারা আমার ছেলে ফেরত দেন। আমার মনের কী যে জ্বালা তা বুঝাতে পারবো না।”