২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে একজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 02:13 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রায়পুর থানার এসআই মো. মহিন জানান, রোববার সকাল ৬টার দিকে বামনি ইউনিয়নের শীবপুর গ্রামের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহতের নাম মো. হারুনুর রশিদ (৪৮)।

আহতদের মধ্যে রশিদের স্ত্রী শেফালী বেগমকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে বড় ভাই সানাউল্যাহ ও তার পরিবারের লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রশিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এসময় সানাউল্যাহ ও তার পরিবারের লোকজন রশিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পরিবার নিয়ে পলাতক রয়েছেন সানাউল্যাহ।