রাবিতে পা ও রগ কাটায় মামলা: আসামি শিবির সভাপতিসহ ৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার পা ও হাত-পায়ের রগ কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতিসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মতিহার থানায় এ মামলাগুলো দায়ের করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আতিকুর রহমান সুমন।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলা দুটির একটি হত্যাচেষ্টা এবং অপরটি বিস্ফোরক আইনে করা হয়েছে।
এছাড়াও উভয় মামলায় অজ্ঞাত পরিচয় ১০/১৫ জনকেও আসামি করা হয়েছে।
ওসি বলেন, “আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি।”
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মাদ সালেহ এবং সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান রহমান হলের মাঝামাঝি এলাকায় এলে আগে থেকে অবস্থান নেওয়া হামলাকারীরা মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে তারা তার বাম পা কেটে দেয়, যা পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। তার দুই হাতের রগও কেটে দেয়া হয়।
এছাড়া টগরের দুই পা ও দুই হাতের রগ কেটে দেয় তারা। টগর বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আর মাসুদ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতরা আমাকে বলেছেন হামলা শিবিরকর্মীরা করেছে। হামলার পর তারা নায়রে তাকবির স্লোগান দিয়ে চলে গেছে।”
এ মামলার মাধ্যমে পুলিশ প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
